RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিধানসভায় শ্যামাপ্রসাদের নথি নেই, সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নথি উধাও হওয়ার ঘটনায় সিআইডি তদন্তের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পশ্চিমবঙ্গ বিধানসভার গ্রন্থাগার থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বক্তব্য খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। নবান্ন থেকে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তিনি স্পষ্ট জানান, ঘটনার সত্যতা প্রমাণিত হলে আগের আমলের বিধানসভার অধ্যক্ষ, সচিব, সংশ্লিষ্ট আধিকারিক এবং গ্রন্থাগারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। প্রয়োজনে এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই প্রামাণ্য দলবলের একটি অনুলিপি তাঁর নিজের কাছে সংরক্ষিত রয়েছে এবং তিনি তা বিধানসভায় জমা দিয়ে দেবেন। আগামী ৪ ডিসেম্বর বিধানসভা খুললে বিষয়টি খতিয়ে দেখা হবে। ১৯৪৭ সালে বাংলা ভাগের প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৈরির প্রক্রিয়া জানতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন তিনি।

মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের একটি বক্তৃতার প্রস্তুতি নেওয়ার সময় ১৯৪৭ সালের ২০ জুনের বিধানসভার নথি খুঁজছিলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক কৃষ্ণ সরকার। সেই সময় গ্রন্থাগারে গিয়ে তিনি সংশ্লিষ্ট বইটি দেখতে পাননি। এর পরেই নথি নিখোঁজ থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। বিধানসভার বর্তমান স্পিকার রথীন্দ্র বসু জানিয়েছেন, এই বিষয়ে আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং তাঁরাও পূর্ণাঙ্গ তদন্ত চান।