বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
লন্ডনে নিলামে উঠছে তাজমহলের মার্বেল, দাম উঠতে পারে ৩৬ লক্ষ টাকা
তাজমহল থেকে ব্রিটিশ আমলে সংগৃহীত একটি দুর্লভ মার্বেল স্ল্যাব আগামী ৯ ডিসেম্বর লন্ডনে নিলামে উঠতে চলেছে।
আগ্রার তাজমহল থেকে ব্রিটিশ আমলে সংগ্রহ করা একটি মার্বেল স্ল্যাব এবার লন্ডনে নিলামে উঠতে চলেছে। আগামী ৯ ডিসেম্বর এই নিলাম হওয়ার কথা রয়েছে। নিলাম সংস্থা ‘Lyon & Turnbull’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্লভ এই পাথরের দাম ২০ হাজার থেকে ৩০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ থেকে ৩৬ লক্ষ টাকা হতে পারে।
ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৮৬১ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক আধিকারিক কর্নেল পাওনল ফিপস পাথরটি সংগ্রহ করেছিলেন। তিনি সেই সময় আগ্রা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের নির্মাণ ও মেরামতের দায়িত্বে ছিলেন। ওই আধিকারিকের পরিবারের দাবি অনুযায়ী, তাজমহলের নিচের একটি গোপন কক্ষ থেকে দুটি মার্বেল স্ল্যাব উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে একটি এবার নিলামে তোলা হচ্ছে। গত দুশো বছর ধরে এই ঐতিহাসিক পাথরটি ওই পরিবারের হেফাজতেই ছিল।
সাদা রঙের এই মার্বেল স্ল্যাবটিতে সূক্ষ্ম ফুল ও লতার কারুকাজ রয়েছে। এর ওপর অ্যাগেট, জ্যাসপার এবং চালসেডনির মতো দামি পাথর বসানো হয়েছে। যা পিয়েত্রা দুরা ও পার্চিন কারী শিল্পের এক নিদর্শন। নিলাম সংস্থার দাবি, এই পাথরের নকশার সঙ্গে তাজমহলের ভেতরে থাকা শাহজাহানের সমাধির ওপরের অংশের মিল রয়েছে।
পাথরটির পরিমাপ হলো ৫৫.৮ সেন্টিমিটার লম্বা, ৪৫.২ সেন্টিমিটার চওড়া এবং ৩ সেন্টিমিটার পুরু। নিলামে এই পাথর যিনি কিনবেন, তাঁর সঙ্গে তাজমহলের একটি পুরনো ছবি এবং সম্পর্কিত কিছু ঐতিহাসিক চিঠিও দেওয়া হবে বলে জানানো হয়েছে।