ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বেসরকারি অ্যাপ ক্যাব বন্ধের দাবিতে দিল্লিতে ট্যাক্সি ও অটোচালকদের বিক্ষোভ
বেসরকারি অ্যাপ ক্যাব পরিষেবা নিষিদ্ধ করার দাবিতে দিল্লির রামলীলা ময়দানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন ট্যাক্সি ও অটোচালকেরা।
দিল্লি ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হয়েছে। রামলীলা ময়দানে ধর্নায় বসেছেন উত্তর ভারতের বিভিন্ন প্রান্তের ট্যাক্সি ও অটোচালকেরা। ভারতীয় মজদুর সঙ্ঘ এবং ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসঙ্ঘ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। বেসরকারি অ্যাপ ক্যাব ও বাইক পরিষেবা পুরোপুরি বন্ধ করার দাবি তুলেছেন তাঁরা। পাশাপাশি, ক্যাব সংস্থাগুলির মতো স্থানীয় হলুদ-কালো ট্যাক্সি এবং অটোচালকদেরও ভাড়া বাড়ানোর অনুমতি দেওয়া হোক, এমন দাবিও সামনে এসেছে।
বৃহস্পতিবার সকালে দিল্লি সংলগ্ন অঞ্চলে অ্যাপ ক্যাবগুলির ভাড়া হঠাৎ অনেকটা বেড়ে যায়। সাধারণ ভাড়ার চেয়ে অনেক বেশি টাকা দাবি করায় ক্ষোভ ছড়ায়। মেট্রোপলিটন এলাকার অটোচালকদের দাবি, বর্তমান ভাড়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রশাসনের বেঁধে দেওয়া ফিটনেস নিয়মেও তাঁরা ছাড় চাইছেন।
আন্দোলনকারীদের অভিযোগ, বিগত দেড় বছর ধরে বিজেপি পরিচালিত সরকার চালকদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি। টিকটক নিষিদ্ধ করা গেলে অ্যাপ ক্যাব কেন বন্ধ করা যাবে না, সেই প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ চালকেরা। এই প্রতিবাদের জেরে পঞ্জাব ও হরিয়ানার কিছু অংশেও প্রভাব পড়েছে। যাত্রী সাধারণকে যাতায়াতের সময় অতিরিক্ত অর্থ খরচ করতে হয়েছে।