RASHTRIX 24X7 NEWS

জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার

চা বানানোর ফাঁকে গান, জঙ্গিপুরের মনোজ এখন সোশ্যাল মিডিয়ার সেনসেশন

জঙ্গিপুরের এক চায়ের দোকানের মালিক মনোজ শেখ চা বানানোর পাশাপাশি পুরনো দিনের গান গেয়ে মন জয় করে নিচ্ছেন খদ্দেরদের।

জঙ্গিপুরের ক্ষুদিরাম মোড়ের এক সাধারণ চায়ের দোকানে চা তৈরির ফাঁকেই গান গেয়ে তাক লাগিয়ে দিচ্ছেন দোকানদার মনোজ শেখ। তাঁর দোকানে টিনের ছাউনির নিচে গ্যাস ও চায়ের কাপের আড়ালেই তৈরি হয় সুরের ভুবন। ভোরবেলা থেকে শুরু হয় তাঁর দিন। গ্যাস জ্বালিয়ে চা দেওয়ার পাশাপাশি তিনি গলার জাদুতে মুগ্ধ করেন খদ্দেরদের।

মনোজ মূলত মহম্মদ রফি, কিশোর কুমার ও মহম্মদ আজিজের গান গেয়ে থাকেন। তাঁর দোকানে চা খেতে আসা নিয়মিত গ্রাহকদের কথায়, চায়ের স্বাদ সাধারণ হলেও গানেই মন মজে যায় সবার। ঘণ্টার পর ঘণ্টা দোকানে বসে মানুষ তাঁর গান শোনেন। অনেকে আবার সেই গান মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। এভাবেই ধীরে ধীরে পরিচিতি পান তিনি।

সংসারের অভাবের কারণে বেশিদূর পড়াশোনা করতে পারেননি মনোজ। পেশাগতভাবে গান শেখার সুযোগও তাঁর হয়নি। রেডিও এবং ক্যাসেট শুনেই তিনি গান রপ্ত করেছেন। পেটের টানে চায়ের দোকানকেই পেশা হিসেবে বেছে নিলেও গানকে দূরে সরাননি। দোকানকেই তিনি বানিয়ে তুলেছেন নিজের মঞ্চ। গ্রাহকদের চা দেওয়ার পাশাপাশি তিনি সমান তালে চালিয়ে যান গান।

বর্তমানে তাঁর দোকানে ভিড় জমান বহু সঙ্গীতপ্রেমী মানুষ। অনেকেই তাঁকে বড় মঞ্চে গাওয়ার উৎসাহ দেন। মনোজেরও ইচ্ছে রয়েছে একদিন বড় মঞ্চে গান গাওয়ার। তবে আপাতত চায়ের কাপের ধোঁয়া আর সুরের জাদুটাই তাঁর জীবনের অঙ্গ হয়ে রয়েছে।