RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সাত বছর পর চাকরি ফিরল শিক্ষিকার, যোগ দিলেন স্কুলে

পূর্বতন সরকারের আমলে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে চাকরি হারিয়েছিলেন অস্থায়ী শিক্ষিকা রমা বেজ। রাজনৈতিক পরিবর্তনের পর সাত বছর বাদে অবশেষে তিনি নিজের কাজ ফিরে পেলেন।

পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে চাকরি হারিয়েছিলেন এক অস্থায়ী শিক্ষিকা। রাজনৈতিক পালাবদলের পর অবশেষে দীর্ঘ সাত বছর বাদে স্কুলে ফিরলেন তিনি। শনিবার উদনারায়ণপুরের বীরেশ্বর বালিকা বিদ্যালয়ে গিয়ে কাজে যোগ দেন রমা বেজ। ২০১৫ সাল থেকে ওই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরিবেশবিদ্যা পড়াতেন তিনি। পাশাপাশি উদয়নারায়ণপুরের মাধবীলতা কলেজেও অতিথি অধ্যাপিকা হিসাবে কাজ করতেন রমাদেবী।

তৃণমূল সরকারের আমলে তিনি বিজেপির বিভিন্ন শিক্ষা আন্দোলনে অংশ নেন। রাজ্যপালের কাছে গিয়েও ডেপুটেশন দিয়েছিলেন তিনি। এর পরেই তিনি তৎকালীন প্রভাবশালী নেতাদের রোষানলে পড়েন বলে অভিযোগ। অভিযোগ ওঠে, সেই সময়ের এক বিধায়কের নির্দেশে তাঁকে বিদ্যালয় ও কলেজ—দুটি জায়গা থেকেই সরিয়ে দেওয়া হয়।

সরকার পরিবর্তনের পর অবশেষে নিজের চাকরি ফিরে পেলেন রমা বেজ। দীর্ঘ সময় পর বিদ্যালয়ের চেনা পরিবেশে ফিরতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেছেন। এই কাজে তাঁকে সাহায্য করার জন্য তিনি বিজেপির শিক্ষা সেলের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তবে বালিকা বিদ্যালয়ে অস্থায়ী চাকরি ফিরে পেলেও, কলেজের কাজটিও যাতে তিনি ফিরে পান, সেই আশাপ্রকাশ করেছেন ওই শিক্ষিকা।