RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

জোকার স্টুডিওতে শুটিংয়ের সময় দুর্ঘটনা, মৃত্যু এক টেকনিশিয়ানের

জোকার স্টুডিওতে শুটিংয়ের সেটে কাজ করার সময় মই থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের।

টলিউডের শুটিং সেটে ফের দুর্ঘটনা। জোকার একটি স্টুডিওতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক টেকনিশিয়ানের। গিল্ড সূত্রে খবর, মৃত যুবকের নাম চন্দ্রকান্ত সোয়াইন এবং তাঁর বয়স বত্রিশ বছর। তিনি কলকাতার বাসিন্দা ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় জোকার স্টুডিওতে একটি টেলিভিশন শোয়ের শুটিংয়ের সেটে মইয়ে চড়ে ফ্লেক্স লাগানোর কাজ করছিলেন চন্দ্রকান্ত। সেই সময় আচমকাই তিনি মই থেকে নিচে পড়ে যান। সহকর্মীরা তাঁকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সহকর্মীদের অনুমান, কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

এই ঘটনার পর সেটের সমস্ত শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত টেকনিশিয়ানের পরিবারের পাশে থেকে সবরকম সাহায্য করা হবে। অন্যদিকে, টলিউডের শুটিং সেটে কর্মীদের নিরাপত্তা নিয়ে ফের বড় প্রশ্ন উঠেছে। যদিও প্রযোজকদের দাবি, সমস্ত সুরক্ষাবিধি মেনেই সেটে কাজ করা হয়। এর আগে গ্যাংটকে শুটিং করতে গিয়ে এক লাইটম্যানের মৃত্যু হয়েছিল।