বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ইরানে তরুণীকে পিটিয়ে মারার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
ইরানে সন্তান প্রসবের পর বাপের বাড়ি যাওয়ার আবদার করায় ১৮ বছরের এক তরুণীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
বাপের বাড়ি যাওয়ার কথা বলায় ১৮ বছরের এক তরুণীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ইরানের কারমান প্রদেশে।
মানবাধিকার সংগঠন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছিলেন সোগান্দ মোশতারাকি নামের ওই কিশোরী। প্রসবের পর বাপের বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। সেই কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাঁর স্বামী। অভিযোগ, এরপর ওই তরুণীকে বেধড়ক মারধর করা হয়। মারধরের চোটে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযুক্ত স্বামী পুলিশের কাছে স্ত্রীকে মারার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের জেরে ওই কাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন তিনি। মৃতার পরিবার ও স্থানীয় সূত্রে প্রকাশ, এর আগে সন্তান জন্মের সময়ে হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েছিলেন সোগান্দ। সেই বিপদ কাটিয়ে সুস্থ হলেও শেষ রক্ষা হয়নি।
মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, ইরানে বলপূর্বক বিবাহ এবং পারিবারিক হিংসার ঘটনা প্রায়ই ঘটে থাকে। নারীদের আইনি সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। তবে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে কি না, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য মেলেনি।