RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

তেলেঙ্গানায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আনার উদ্যোগ, জানালেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

তেলেঙ্গানায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আনার পরিকল্পনা চলছে, এক অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

পর্তুগালের জার্সি তুলে রাখার পর কি ভারতে আসছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সিআর সেভেনকে হায়দরাবাদে আনার জন্য এবার উদ্যোগী হলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। একটি অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান তিনি।

গত বছর ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। এবার রোনাল্ডোকেও রাজ্যে আনার ভাবনা চলছে বলে জানিয়েছেন রেবন্ত রেড্ডি। তবে সিআর সেভেন কবে আসতে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট দিন ক্ষণ জানাননি মুখ্যমন্ত্রী। আগামী ডিসেম্বরে তেলেঙ্গানায় 'খেলো ইন্ডিয়া' গেমস রয়েছে। তার আগে রোনাল্ডোকে আমন্ত্রণ জানানোর প্রসঙ্গে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে রেবন্ত বলেন, মেসি তাঁর প্রিয় খেলোয়াড় এবং অতীতে মারাদোনা তাঁর পছন্দের ফুটবলার ছিলেন।

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন রোনাল্ডো। ক্লাব ফুটবলে আল নাসরের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আল আহলির বিরুদ্ধে ম্যাচে গোল করলেও তাঁর দল ১-৩ গোলে হেরে গিয়েছে। এই গোলটি তাঁর কেরিয়ারের ৯৮৬তম গোল। অতীতে কখনও ভারতে আসেননি এই পর্তুগিজ তারকা। ফলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ সফল হলে দেশের ফুটবলপ্রেমীদের কাছে তা অন্যতম বড় প্রাপ্তি হতে পারে।