RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ডিউটি ফাঁকি দিয়ে ফার্মহাউসে মদ্যপান ও নাচ, তদন্তের মুখে তেলেঙ্গানার পুলিশকর্মীরা

তেলেঙ্গানার মানচেরিয়াল জেলায় ডিউটি ছেড়ে জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ালেন একদল পুলিশকর্মী।

তেলেঙ্গানার মানচেরিয়াল জেলার বালামপল্লি ওয়ান টাউন থানার একদল পুলিশকর্মীর বিরুদ্ধে ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, সরকারি দায়িত্ব পালন না করে তাঁরা একটি ফার্মহাউসে জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশকর্মীরা মদ্যপান করছেন এবং সুইমিং পুলে নাচছেন। ওই অনুষ্ঠানে বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মীও উপস্থিত ছিলেন বলে অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসেছে প্রশাসন।

গোটা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন আধিকারিকরা খতিয়ে দেখছেন, ওই পুলিশকর্মীরা ডিউটি চলাকালীন সেখানে গিয়েছিলেন কি না। সেই সঙ্গে, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরা কর্তৃপক্ষের থেকে কোনও অনুমতি নিয়েছিলেন কি না, তাও যাচাই করা হচ্ছে।

পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ডিউটি ছেড়ে অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।