RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকায় পথ দুর্ঘটনায় মৃত্যু, প্রাণ হারাল তেলেঙ্গানার যুবক

নিউ ইয়র্কে গাড়ি চালাতে গিয়ে হরিণের সঙ্গে ধাক্কা এবং পরবর্তী সংঘর্ষে প্রাণ হারালেন তেলেঙ্গানার এক যুবক।

আমেরিকার নিউ ইয়র্কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পঁচিশ বছর বয়সি এক ভারতীয় যুবকের। মৃত ইরামাল্লা সাই তেজা তেলেঙ্গানার নালগোন্ডার বাসিন্দা। সম্প্রতি সেখানে পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছিলেন তিনি। গত ১৮ নভেম্বর সন্ধ্যায় ক্যানাজোহারি সংলগ্ন হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িটির সামনে একটি হরিণ চলে আসে। হরিণটির সঙ্গে ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি মালবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে তেজার গাড়িতে। এর জেরে আরও দুটি গাড়ি এই সংঘর্ষের কবলে পড়ে। গুরুতর আহত অবস্থায় তেজাকে সেন্ট মেরিস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। তেজার গাড়িতে থাকা অপর এক যাত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে আলবানি মেডিক্যাল সেন্টারে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থাও অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে। এছাড়া মালবাহী গাড়ির আরও কয়েকজন যাত্রীও জখম হয়েছেন। ছেলের আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছে পরিবার। যুবকের মরদেহ ভারতে ফিরিয়ে আনার সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।