পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যে নামল পারদ, জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির আশঙ্কা
রাজ্যের বিভিন্ন প্রান্তে শীতের আমেজ শুরু হলেও জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।
রাজ্যে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকাল ও রাতে শীতের আমেজ অনুভূত হচ্ছে বিভিন্ন জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তুরে হাওয়ার প্রভাবে তাপমাত্রা কমেছে। দার্জিলিংয়ে পারদ নেমে দাঁড়িয়েছে ৫ ডিগ্রিতে। সান্দাকফুতে রাতের তাপমাত্রা নেমেছে ৩ ডিগ্রিতে। এছাড়া পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ঘোরাফেরা করছে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নেমেছে ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে। তাপমাত্রা কমে যাওয়ায় উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। তবে এর মাঝেই আবহাওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং এর অভিমুখ হতে পারে শ্রীলঙ্কা উপকূল। পাশাপাশি দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী দু’দিনে মোটের উপর তাপমাত্রা একইরকম থাকতে পারে বা কোথাও কোথাও সামান্য বাড়তেও পারে।