RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পারদ নামছে রাজ্যে, সপ্তাহান্তে আরও ঠান্ডা বাড়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতেই রাজ্যে প্রবেশ করেছে উত্তুরে হাওয়া, যার ফলে তাপমাত্রা কমতে শুরু করেছে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।

ঘূর্ণিঝড় সরে যেতেই আকাশ পরিষ্কার হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। গত ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৭ শতাংশের মধ্যে রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারের মধ্যে তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সপ্তাহান্তে শীতের আমেজ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা কমছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও শীতের প্রভাব বাড়ছে। পার্বত্য এলাকায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। সকালের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর। উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকা ঘূর্ণাবর্তটি অসমের দিকে সরে যাচ্ছে, যার ফলে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।