RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে পারদ পতন, ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস

রাজ্যজুড়ে তাপমাত্রা কমলেও ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বর্ষা বিদায় নেওয়ার পর রাজ্য জুড়ে কমতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিনে পারদ আরও নামতে পারে। সোমবার ও মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবার থেকে আবহাওয়ায় বদল ঘটবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণবঙ্গের আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ ভাইফোঁটার দিনেই বৃষ্টির সম্ভাবনা দেখছে হাওয়া অফিস।

বৃহস্পতিবার থেকে অবশ্য বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ওই দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টি কেটে যাওয়ার পরেই তাপমাত্রা আরও কমবে এবং শীতের আমেজ জোরালো হতে পারে। গত কয়েকদিন ধরেই সকালের দিকে কিছুটা ঠাণ্ডার আমেজ মিলছে। তবে বেলার দিকে রোদ উঠলে গরম বাড়ছে। বর্তমানে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই কম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা এখন ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।