পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যে পারদ পতনের ইঙ্গিত, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যে শীতের আমেজের মাঝেই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।
রাজ্যে ক্রমশ কমছে তাপমাত্রা। তবে এর মাঝেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ১৯ নভেম্বর থেকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাব পড়তে পারে আবহাওয়ায়। এর পাশাপাশি মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত বা ঝড়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত বড় কোনো সতর্কতা না থাকলেও, ১৯ নভেম্বর থেকে উপকূলের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, বৃষ্টির ভ্রূকুটির মাঝেই রাজ্যে শীতের আমেজ শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। বর্তমানে কলকাতার তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। মেদিনীপুরে তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি শহর দার্জিলিঙে তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও নিম্নচাপের জেরে পরিস্থিতির বদল ঘটতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।