RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে নামছে পারদ, ঘূর্ণাবর্তের সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস

উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে কমছে তাপমাত্রা, তবে এর মাঝেই নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস।

রাজজুড়ে শুরু হয়েছে উত্তুরে হাওয়ার প্রভাব। এর জেরে গত তিন থেকে চার দিনে তাপমাত্রার পতন ঘটেছে। পরিষ্কার আকাশ ও সকালের কুয়াশার মধ্যে আগামী সাত দিন রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উঁচুতে একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত এখনও বজায় রয়েছে। পাশাপাশি আগামী ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরের উপর নতুন করে আরেকটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গে আপাতত এই সপ্তাহের পুরোটাই একই আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দিনের বেলা রোদ থাকলেও সকালের দিকে হালকা কুয়াশা ও রাতের দিকে ঠান্ডার আমেজ অনুভূত হচ্ছে। তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস।