RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রাজ্যে বাড়তে পারে তাপমাত্রা, শীতের পথে ঘূর্ণাবর্তের কাঁটা

আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনায় আগামী কয়েক দিনে রাজ্যে তাপমাত্রা বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি।

আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার জেরে আগামী দুই দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৯ নভেম্বর আন্দামান সাগরের কাছে এই ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, যা পরবর্তীতে বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। এ ছাড়া ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই আবহাওয়ার পরিবর্তনের ফলে বাংলায় সরাসরি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি কেরালা ও গুজরাটেও দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই পরিস্থিতিতে উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে শীতের আমেজ বজায় রয়েছে। উত্তর ও উত্তর-পূর্ব দিকের হালকা শীতল হাওয়া বইছে। সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিললেও দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়ার পর ঘূর্ণাবর্ত কেটে গেলে ফের পারদ নামবে বলে আশা করা হচ্ছে।