পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
রাজ্যে কমবে তাপমাত্রা, আগামী সাত দিন কোনও দুর্যোগের পূর্বাভাস নেই
আগামী চার দিনে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
নভেম্বরের শেষ দিকে এসেও রাজ্যে শীতের আমেজ সেভাবে অনুভূত হচ্ছে না। এর মধ্যেই ফের বৃষ্টি বা দুর্যোগের আশঙ্কা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আবহাওয়া দফতর (IMD)।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উচ্চতায় একটি উর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণেই রাজ্যে আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে আগামী সাত দিন রাজ্যের কোথাও কোনও দুর্যোগের সতর্কতা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিনে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শীতের আমেজ কিছুটা বাড়তে পারে। তবে চার দিন পর তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।