ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
সলতেতে আগুন দিতেই বুকে আঘাত, দিল্লিতে রকেটবাজির বিস্ফোরণে মৃত শিশু
দিল্লির নারেলা এলাকায় দীপাবলির রাতে রকেটবাজির বিস্ফোরণে মৃত্যু হয়েছে দশ বছরের এক বালকের।
দিওয়ালির রাতে রাজধানীর নারেলা এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা। আতশবাজি ফাটানোর সময় রকেটবাজির আঘাতে মৃত্যু হল দশ বছরের এক বালকের। নিহত শিশুর নাম ঋষি। পরিবারের সঙ্গে সে বাজি ফোটাচ্ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, একটি রকেটবাজিতে আগুন দিতেই সেটি আকাশমুখী না হয়ে সোজাসুজি ঋষির বুকে এসে লাগে এবং বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম অবস্থায় তাকে দ্রুত সত্যবাদী রাজা হরিশচন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তার।
হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন ঋষির দাদা মোহিত। তাঁর দাবি, চিকিৎসকরা উদাসীন মনোভাব দেখিয়েছিলেন এবং সময়মতো চিকিৎসা শুরু করেননি। সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালেই জ্ঞান হারিয়ে ফেলেন ঋষির বাবা।
দিল্লি দমকল বিভাগ জানিয়েছে, দীপাবলির দিন মোট ২৫৭টি জরুরি কল এসেছে তাদের কাছে। যার মধ্যে ২১৪টি ছিল আগুন লাগার ঘটনা এবং ২৪টি আতশবাজি সংক্রান্ত। রাত আটটা থেকে দশটার মধ্যে সবচেয়ে বেশি ফোন পেয়েছিল দমকল।