পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
টেন্ডারে বেনিয়ম, পুরুলিয়ায় ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু
প্রায় ৭ কোটি টাকার রাস্তার প্রকল্পের টেন্ডারে বেনিয়মের অভিযোগে পুরুলিয়ায় ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে জেলা পরিষদ।
প্রায় ৭ কোটি টাকার রাস্তার প্রকল্পের টেন্ডারে বেনিয়মের অভিযোগে পুরুলিয়ায় ১৪ জন ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরুলিয়া জেলা পরিষদ সূত্রে খবর, শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। চলতি আর্থিক বছরে প্রায় ৬ কোটি ৭১ লক্ষ টাকার ৮৬টি রাস্তার প্রকল্পের টেন্ডার ডাকা হয়েছিল।
জেলাশাসক সুধীর কোন্তমের কাছে ঠিকাদারদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পরে বিভাগীয় তদন্ত শুরু হয়। তদন্তে বড়সড় বেনিয়ম ধরা পড়ে। অভিযোগ ওঠে, ঠিকাদাররা কারচুপি করে নিজেদের ক্রেডেনশিয়াল জমা দিয়েছিলেন। এর পরই পুরুলিয়া জেলা পরিষদ অভিযুক্ত ১৪ জন ঠিকাদারকে শোকজ নোটিশ পাঠায়। ১৭ নভেম্বর পাঠানো ওই নোটিসের উত্তর দেওয়ার জন্য ৩ দিন সময় দেওয়া হলেও, অধিকাংশ ঠিকাদারই জবাব দেননি। যাঁদের উত্তর মিলেছে, তাও সন্তোষজনক ছিল না।
৮৬টি প্রকল্পের মধ্যে ৬১টির ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়েছিল। এর মধ্যে যে নটি কাজের ক্ষেত্রে বেনিয়ম পাওয়া গিয়েছে, সেই ওয়ার্ক অর্ডারগুলি বাতিল করেছে কর্তৃপক্ষ। বাতিল হওয়া টেন্ডারগুলিতে পুনরায় হিসাব করে আবার নতুন করে টেন্ডার ডাকা হবে। পাশাপাশি, ঠিকাদারদের জমা দেওয়া নথিপত্র একাধিকবার যাচাই করার জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যান্য ঠিকাদারদের ক্রেডেনশিয়াল সঠিক কি না, তা যাচাই করতে সেচ, পূর্ত, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ ও বিদ্যুৎ দপ্তরের মতো বিভিন্ন বিভাগকে চিঠি পাঠানো হয়েছে।
পুরুলিয়া জেলা বিজেপির দাবি, রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের জিরো টলারেন্স নীতির কারণে প্রশাসন এই কঠোর পদক্ষেপ নিয়েছে। বিজেপির পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অতীতে কোন কোন নেতা বা জনপ্রতিনিধি কাটমানি পেতেন, তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে এবং বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে।