কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
কলেজ স্ট্রিটে উত্তেজনা, বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান ABVP-র
বইয়ের স্টল নিয়ে সংঘর্ষের জেরে উত্তপ্ত কলেজ স্ট্রিট, এসএফআইয়ের স্টলে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিমান বসু।
বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কলেজ স্ট্রিট চত্বর। এসএফআইয়ের একটি স্টল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁকে ঘিরে ধরে স্লোগান দেয় এবিভিপি সমর্থকরা। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
এদিন কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলে হাজির হন বিমান বসু এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। স্টল ঘুরে দেখার সময় এবিভিপির পক্ষ থেকে স্লোগান দেওয়া শুরু হয়। বিমান বসু গাড়ি ওঠার সময় তাঁর সামনে গিয়ে বিক্ষোভ দেখান গেরুয়া শিবিরের ছাত্র সংগঠনের কর্মীরা। বিমান বসুকে উদ্দেশ করে নানা স্লোগান তোলা হয়। এই বিষয়ে বিমান বসু জানান, তিনি সেখানে থাকতে যাননি এবং তাঁর নির্দিষ্ট মিটিং রয়েছে।
গত মঙ্গলবার থেকেই কলেজ স্ট্রিট এলাকায় উত্তেজনা শুরু হয়েছিল। এসএফআইয়ের বুক স্টল তৈরির কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। এর পর বুধবার সকালে ফের ওই জায়গায় স্টল স্থাপন করে এসএফআই। তাদের দাবি, পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি নিয়েই এই স্টল করা হয়েছে। অন্যদিকে, একই জায়গায় স্টল বসানোর দাবি জানায় এবিভিপি। দুই সংগঠনের মুখোমুখি অবস্থানের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায় পুলিশ। পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বাধে বিক্ষোভকারীদের। গার্ড রেল ভেঙে ফেলা হয় এবং এসএফআইয়ের ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে।