RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

কালীঘাটে জন্মদিনের সেলিব্রেশন ঘিরে উত্তেজনা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে উত্তেজনা ছড়ায়, পুলিশের ওপর হামলার অভিযোগে দুই যুবক গ্রেফতার ও অভিষেকের বিরুদ্ধে এফআইআর।

অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে ধুন্ধুমার কাণ্ড বাধল। এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে। ধৃতরা একবালপুরের বাসিন্দা। পুলিশকে চড় মারার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, কালীঘাট থানায় মোট চারটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। যার মধ্যে একটি এফআইআর করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

শুক্রবার গভীর রাতে অভিষেকের বাড়ির সামনে অনুগামীরা তাঁর জন্মদিনের সেলিব্রেশন শুরু করেন। সেই সময় প্রতিমা নিয়ে যাওয়ার পথে বিজেপি কর্মীদের সঙ্গে বিরোধ বাধে। বিজেপি কর্মীদের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁদের লক্ষ্য করে স্লোগান দেন। অন্যদিকে, অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছে পুলিশ। পাশাপাশি, বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যদের বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ফুটপাত দখল করে সাধারণ মানুষের অসুবিধা করা উচিত নয়। বিজেপি বিধায়ক সজল ঘোষও এই ঘটনার সমালোচনা করেছেন। পুলিশ ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। শনিবার দুপুরেও কেক কাটা নিয়ে কালীঘাটে উত্তেজনা ছড়ায়। ১৬৩ ধারা জারি থাকায় পুলিশ অনুগামীদের বাড়ির ভিতরে যেতে বলে।