কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
সিবিআই সেজে নিজাম প্যালেসে জালিয়াতির চেষ্টা, গ্রেপ্তার তিনজন
সিবিআইয়ের ভুয়া পরিচয় দিয়ে নিজাম প্যালেসের এসএসসি দপ্তরে ঢোকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ।
সিবিআই আধিকারিক সেজে নিজাম প্যালেসে অবস্থিত এসএসসি দপ্তরে ঢোকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম ব্রিপর্ষি বসু, শুভম সরকার এবং পল্লব মণ্ডল। মঙ্গলবার সকালে একটি গাড়িতে করে তারা নিজাম প্যালেসে আসে। ওই গাড়িটিতে ভারত সরকারের বোর্ড লাগানো ছিল। গাড়িটি পার্কিংয়ে রেখে তিনজনই স্টাফ সিলেকশন কমিশনের দপ্তরে চলে যায়।
দপ্তরে পৌঁছে তারা নিজেদের কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক বলে দাবি করে। ব্রিপর্ষি নিজেকে ডিএসপি এবং বাকি দুজনকে ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেয়। একটি মামলার তদন্তের সিলসিলায় তারা সেখানে এসেছে বলে জানায়। সরকারি চাকরি সংক্রান্ত কিছু নথিপত্র এবং কয়েকজন প্রার্থীর তালিকা দেখতে চায় তারা। তাদের দেখানো পরিচয়পত্র দেখে এসএসসি আধিকারিকদের সন্দেহ হয়।
জিজ্ঞাসাবাদের মুখে তারা এলোমেলো কথা বলতে শুরু করেন। এর পরেই ভবানীপুর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। সেন্ট্রাল এজেন্সির সঙ্গে কথা বলে তাদের ভুয়া পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। তল্লাশিতে তাদের কাছ থেকে বেশ কিছু জাল নিয়োগপত্র উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার ফন্দি এঁটেছিল এই চক্র। ভুয়া নিয়োগপত্র দেওয়ার উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।