বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
বাংলাদেশে গ্রেফতার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ তিন জন
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা, গ্রেফতার তিন জন।
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার খবর প্রকাশ্যে আসার পরেই অশান্ত বাংলাদেশ। এই পরিস্থিতিতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি কেএম শাখাওয়াত হোসেন-সহ তিন জনকে গ্রেফতার করল পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, কেএম শাখাওয়াত ছাড়াও যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা হলেন প্রাক্তন ডেপুটি কমিশনার মহম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মহম্মদ। সম্প্রতি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা ঘিরে দেশজুড়ে তীব্র উত্তেজনা ও হিংসার পরিবেশ তৈরি হয়। সেই অশান্তির মাঝেই এই তিন জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পেশ করার প্রস্তুতি চলছে। এই গ্রেফতারির ফলে রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।