বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
নিউ ইয়র্কে হুড়মুড় করে ভাঙল তিনতলা ভবন, মৃত অন্তত ৮
নিউ ইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধসে আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন সতেরো জন।
আমেরিকার নিউ ইয়র্কের ব্রুকলিন অঞ্চলে একটি তিনতলা ভবন ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত সতেরো জন। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়।
স্থানীয় সময় বুধবার বিকেল চারটে নাগাদ ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ২৬২৫ বেডফোর্ড অ্যাভিনিউতে অবস্থিত ভবনটি প্রায় শতবর্ষ প্রাচীন, ১৯৩০ সালে তৈরি হয়েছিল। পাশের একটি খালি জায়গায় নতুন নির্মাণের জন্য খননকাজ চলার সময়ই বাড়িটি হুড়মুড় করে ধসে পড়ে। এর জেরে একটি পার্শ্ববর্তী বাড়ির দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের মধ্যে তিনজন দমকলকর্মী ও সাতজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। সারারাত ধরে তল্লাশি ও উদ্ধারকাজ চালান উদ্ধারকর্মীরা। ঘটনার পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে শোকপ্রকাশ করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি জানান, উদ্ধারকাজ এখনও চলছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে প্রশাসন।