RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

হাসপাতালে হামলা চালালে তিন বছরের জেল, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের

চিকিৎসক ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা ঠেকাতে কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর, দোষীদের তিন বছরের জেল ও জরিমানার কথা বলা হয়েছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি বা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভাঙচুর চালালে কিংবা চিকিৎসক বা কর্মীদের নিগ্রহ করলে অভিযুক্তের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। সেই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের চিকিৎসা কেন্দ্রে হামলার ঘটনা সামনে আসার পরেই এই কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের বিশেষ আইনের নিয়মগুলি এবার আরও কঠোরভাবে কার্যকর করা হবে। কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠানে গোলমাল পাকালে বা হামলা চালালে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ‌্য ধারায় মামলা দায়ের করবে পুলিশ প্রশাসন। অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

শুধু কারাদণ্ড বা জরিমানা নয়, ভাঙচুরের ফলে হাসপাতাল বা নার্সিংহোমের সম্পত্তির যে ক্ষতি হবে, তার সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে হামলাকারীকেই। আদালতের নির্দেশ অনুযায়ী এই আর্থিক ক্ষতি আদায় করা হবে। প্রতিটি জেলার পুলিশ প্রশাসনের কাছে এই নির্দেশিকার কপি পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম। সংগঠনের প্রতিনিধি ডা. রাজীব পাণ্ডে জানান, রোগীদের সুরক্ষিত রাখতে এবং চিকিৎসা পরিষেবা সচল রাখতে এই ধরনের কড়া সিদ্ধান্ত অত্যন্ত জরুরি ছিল।