বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
শেখ হাসিনার প্রত্যর্পণ জল্পনা, বাংলাদেশে আঁটসাঁট নিরাপত্তা ও নীল নকশা
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ ঘিরে অশান্তির আশঙ্কায় রয়েছে বাংলাদেশ, জারি হয়েছে কঠোর নিরাপত্তা।
শেখ হাসিনার প্রত্যর্পণ জল্পনার মাঝেই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও দেশে নিজেদের সক্রিয়তা বাড়িয়েছে আওয়ামি লিগ। সেই কারণে কর্মী ও সমর্থকদের গতিবিধির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা, গাজিপুর ও সাভারের মতো স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সম্প্রতি শ্রমিক বিক্ষোভের জেরে যে সমস্ত এলাকা অশান্ত হয়ে উঠেছিল, সেগুলির উপরেও বাড়তি নজর রাখা হচ্ছে।
ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে জল্পনা চলছে। বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারতকে দুটি শর্ত দিয়েছে প্রশাসন। প্রথমত, হাসিনার প্রত্যর্পণের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। যেহেতু তিনি সামরিক বিমানে ভারতে এসেছিলেন, সেভাবেই তাঁকে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। দ্বিতীয়ত, বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হলে তাঁকে আপিলের সুযোগ দিতে হবে।
২০২৪ সালের অগস্টে দেশ ছাড়ার পর হাসিনার অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। সেই রায়ে তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে নারাজ বর্তমান প্রশাসন। হাসিনা দেশে ফিরলে রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে তাঁর প্রত্যর্পণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।