RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পাঁচ দিনেই পগারপার বাঘিনি, বক্সায় রেড অ্যালার্ট

এনক্লোজার ভেঙে ফের জঙ্গল থেকে উধাও বক্সার বাঘিনি, জাজির হয়েছে রেড অ্যালার্ট।

পাঁচ দিন কাটতে না কাটতেই ফের লোহার ঘেরাটোপ ভেঙে পালিয়ে গেল বক্সার বাঘিনি। রবিবার দুপুরে সে এনক্লোজার ছেড়ে ২৭ মাইলের দিকে চলে যায়। এই ঘটনার পর বন দপ্তরের সমস্ত কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। জঙ্গলজুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

বন দপ্তর সূত্রে খবর, গত ৩ নভেম্বর কোকরাঝাড়ের কাছে ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনিটিকে ধরে বক্সায় ফিরিয়ে আনা হয়েছিল। এরপর তাকে একটি লোহার এনক্লোজারে রাখা হয়। কিন্তু রবিবার দুপুরে সে ফের সেখান থেকে বেরিয়ে যায়। কীভাবে বাঘিনিটি ঘেরাটোপ ভাঙল, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি বনকর্তারা।

বাঘিনির গলায় থাকা রেডিও কলার ক্ষতিগ্রস্ত হওয়ায় তার সঠিক অবস্থান জানা যাচ্ছে না বলে অনুমান করা হচ্ছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার জানিয়েছেন, এ বিষয়ে বনমন্ত্রীই মন্তব্য করবেন। বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানান, আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। বাঘিনিকে দ্রুত খুঁজে বের করতে তল্লাশি শুরু করেছেন বনকর্মীরা।