পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বক্সায় এনক্লোজার ভেঙে পালাল বাঘিনি, অসমে যাওয়ার পথে বনদপ্তর
লোহার ঘেরাটোপ খুঁড়ে পালিয়ে গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনি, তাকে রুখতে মাঠে নেমেছে বনদপ্তর।
লোহার ঘেরাটোপ ভেঙে পালিয়ে গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাঘিনি। ঘেরাটোপের নিচ দিয়ে প্রায় আড়াই ফুট গর্ত খুঁড়ে সে বাইরে বেরিয়ে আসে বলে জানিয়েছে বনদপ্তর। বর্তমানে ডুয়ার্সের পানবাড়ি জঙ্গলে তার উপস্থিতি মিলেছে। এই জঙ্গল পেরিয়েই রয়েছে সঙ্কোষ নদী। অতীতেও একই পথ ধরে অসমে চলে গিয়েছিল এই প্রাণীটি।
সোমবার বনমন্ত্রী মনোজকুমার ওরাওঁ পঁচিশ মাইল এলাকায় ওই ঘেরাটোপ পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন রিজার্ভের বনাধিকারিকরাও। মন্ত্রী জানান, গত কয়েকদিন ধরেই ঘেরাটোপ থেকে বের হওয়ার চেষ্টা চালাচ্ছিল বাঘিনিটি। ঘেরাটোপের বিভিন্ন অংশে আঁচড় ও ভাঙার চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, খুব শীঘ্রই তাকে মুক্ত করার পরিকল্পনা ছিল প্রশাসনের। কিন্তু কারও অপেক্ষার তোয়াক্কা না করে সে নিজে পথ করে নিয়েছে।
বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অন্য বনাঞ্চলের বাঘের আকর্ষণে বারবার অসমের রায়মনা জঙ্গলের দিকে চলে যেতে চাইছে এই বাঘিনি। অতীতেও সে এই পথেই অসমে পাড়ি দিয়েছিল। তবে এবার তাকে রাজ্য ছেড়ে যেতে দিতে নারাজ বনকর্তারা।
বাঘিনির পিছু ধাওয়া করে চুনিয়া এলাকায় পৌঁছে গিয়েছেন বনকর্মীরা। তাকে রুখতে তিনটি কুনকি হাতি এবং ঢাকঢোল নামানো হয়েছে। হাতিগুলির খাবারের জন্য কলাগাছও মজুত রাখা হয়েছে। বক্সা, জলদাপাড়া ও গরুমারা এলাকায় বাঘের অনুকূল পরিবেশ না থাকায় এই প্রাণীগুলি বারবার অন্য রাজ্যে চলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।