RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বক্সার জঙ্গল থেকে ফের পালাল বাঘিনী, কপালে চিন্তার ভাঁজ বনকর্তাদের

ফেন্সিং ভেঙে বক্সার জঙ্গল থেকে ফের পালিয়ে গেল বাঘিনী, চিন্তায় বনদফতর।

ফেন্সিং ভেঙে বক্সার জঙ্গল থেকে ফের পালিয়ে গেল বাঘিনী। গত রবিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ফেন্সিংয়ের বেড়াজাল টপকে বাঘিনী বেরিয়ে গেলেও প্রথমে তা টের পাননি বনকর্মীরা। সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েনি সেই দৃশ্য। পরে রেডিও কলারের সংকেত দেখে বনকর্তারা বুঝতে পারেন যে বাঘটি ২৫ মাইল জঙ্গল থেকে ২৭ মাইলের দিকে চলে গিয়েছে। এই এলাকাটি জয়ন্তি বনবস্তি সংলগ্ন। কুনকি হাতির সাহায্যে সেটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর আগে গত ২৩শে অক্টোবর এই বাঘিনী অসমের দিকে চলে গিয়েছিল। তখন অসম ও বাংলার বনদপ্তরের যৌথ উদ্যোগে ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেটিকে উদ্ধার করা হয়। গত ২রা অক্টোবর বিহারের বাল্মিকী ব্যাঘ্র প্রকল্প থেকে এনে এই বাঘটিকে বক্সায় ছাড়া হয়েছিল। ঘেরাটোপের মধ্যে পর্যাপ্ত খাবার এবং জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও বাঘিনী কেন বারবার পালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পুরুষ বাঘের খোঁজে এই আচরণ কি না, তা খতিয়ে দেখছেন বনাধিকারিকরা। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি বনদফতর।