RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বক্সায় এনে গর্ভপাত বাঘিনির, উঠছে অব্যবস্থার প্রশ্ন

বিহার থেকে বক্সায় নিয়ে আসার পর গর্ভপাত হয়েছে ‘ডুয়ার্স রানি’ নামের বাঘিনির, কাঠগড়ায় বন দফতরের একাংশের ভূমিকা।

বিহার থেকে বক্সা ব্যাঘ্র সংরক্ষণাঞ্চলে নিয়ে আসা হয়েছিল 'ডুয়ার্স রানি' নামের তিন বছরের একটি বাঘিনিকে। সম্প্রতি বক্সার জঙ্গল থেকে বেরিয়ে অসমের দিকে চলে গিয়েছিল সে। এনক্লোজারের ফাঁক গলে তার পালানোর ঘটনা নিয়ে তৈরি হয় বিতর্ক।

বন দফতর সূত্রে খবর, বাঘিনিটি অন্তঃসত্ত্বা ছিল। বক্সা রিজার্ভে আসার পর তার গর্ভপাত হয় এবং তিনটি ভ্রূণ নষ্ট হয়ে যায়। বাঘিনিটিকে আনতে গিয়ে একাধিকবার ট্রাংকুলাইজার দিয়ে অজ্ঞান করা এবং দীর্ঘক্ষণ খাঁচায় বন্দি রাখার অভিযোগ উঠেছে বিশেষজ্ঞদের একাংশের বিরুদ্ধে।

বাঘিনির এই শারীরিক ও মানসিক দুর্বিপাকের জন্য বন দফতরের একাংশের তাড়াহুড়ো ও অভিজ্ঞতার অভাবকেই দায়ী করছেন অনেকে। জিম করবেটের লেখার প্রসঙ্গ টেনে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশের দাবি, বন্যপ্রাণের ভাষা ও স্বভাব না বুঝে এই ধরনের পদক্ষেপ করার ফলে বাঘিনির ওপর মারাত্মক চাপ তৈরি হয়েছে। গর্ভপাতের পর বাঘিনির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বন্যপ্রাণপ্রেমীরা।