পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ফেসবুক পরিচয় থেকে প্রেম, আগামী ফেব্রুয়ারিতে বিয়ে দেবাংশুর
সোশাল মিডিয়ার মাধ্যমে পরিচয়, বিমান যাত্রার ভয় কাটানোর আলাপ গ গড়াল প্রেমে। আগামী ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসছেন দেবাংশু ভট্টাচার্য।
সোশাল মিডিয়ার হাত ধরে শুরু হয়েছিল পরিচয়। বিমান যাত্রার ভয় কাটানোর আলাপ গড়াল প্রেমে। আগামী ফেব্রুয়ারি মাসে বিয়ের পিঁড়িতে বসছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। রবিবার ব্যক্তিগত পরিসরে সম্পন্ন হয়েছে তাঁদের আশীর্বাদ পর্ব।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে ফেসবুকে উত্তরপাড়ার এক তরুণীর সঙ্গে পরিচয় হয় দেবাংশুর। সেই সময় বিমান সেবিকা হিসেবে কর্মরত ছিলেন ওই তরুণী। দেবাংশুর বিমান চড়ার ভয় থাকায়, তা কাটানোর আশ্বাস দিয়েই শুরু হয়েছিল কথাবার্তা। পরবর্তীকালে কাজের সূত্রে তরুণী দুবাই চলে গেলেও তাঁদের মধ্যে যোগাযোগ বজায় ছিল। বছর খানেক আগে তিনি কলকাতায় ফেরেন।
রাজনৈতিক ব্যস্ততা কাটার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। রবিবার ঘনিষ্ঠ বৃত্তে অনুষ্ঠিত হয়েছে আশীর্বাদ। মেনুতে রাখা হয়েছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার। আগামী ফেব্রুয়ারি মাসে সামাজিক বিবাহ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে পাত্রীর পরিচয় এখনই প্রকাশ্যে আনতে চাননি দেবাংশু।