RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ধর্ষণের অভিযোগে ধৃত তৃণমূল বিধায়ক, কালীঘাট কাণ্ড নিয়ে সরব কুণাল

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। পাশাপাশি কালীঘাটের ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। মুম্বই যাওয়ার পথে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশের দাবি, মুম্বইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বিধায়ক। তাঁর কাছ থেকে দু'লক্ষ টাকা ও ছ'টি মোবাইল উদ্ধার করা হয়েছে। বিধায়কের পাশাপাশি বিকাশ সাহানি নামে এক সিভিক ভলান্টিয়ারকেও গ্রেপ্তার করা হয়েছে। ক্যানিংয়ের একটি পুরনো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বিধায়কের বিরুদ্ধে বিশের বেশি মামলা রয়েছে। পঞ্চায়েতের সময়ে বোমাবাজি থেকে শুরু করে নদীর চর দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বেশ কিছু মামলায় তাঁর জামিনও হয়নি। অন্যদিকে, সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। ধৃত তিনজনকে নিয়ে এই পুনর্নির্মাণ করা হয়। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে, আক্রান্তদের ধরে এনে বীরত্ব দেখাচ্ছে পুলিশ।