RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস

ধর্ষণের অভিযোগে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। রবিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিশ। মুম্বই পালিয়ে যাওয়ার সময় বারুইপুর পুলিশ জেলার বিশেষ দল তাঁকে পাকড়াও করে।

পুলিশ সূত্রে খবর, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ দায়ের হয়েছিল। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। বিধायকের বাড়িতেও গিয়েছিল পুলিশের দল।

গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ বিমানবন্দর এলাকায় হানা দেয়। মুম্বই যাওয়ার উদ্দেশ্যে বিমান ধরার চেষ্টা করার সময় তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার তাঁকে আদালতে তোলা হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হিংসা এবং মাতলা নদীর চর দখল করার অভিযোগ উঠেছিল পরেশরাম দাসের বিরুদ্ধে। সেই মামলাগুলিতেও সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।