পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
মুম্বই পালানোর সময় কলকাতা বিমানবন্দর থেকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ।
ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। পুলিশের দাবি, মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বিধায়ক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের সঙ্গে এক সিভিক ভলান্টিয়ার বিকাশ সাহানিকেও গ্রেফতার করা হয়েছে। ক্যানিংয়ের একটি পুরনো মামলায় ওই সিভিক ভলান্টিয়ারকে ধরা হয়েছে। বিধায়কের কাছ থেকে ২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এবং ৬টি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃত বিধায়কের বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি থেকে শুরু করে নদীর চর দখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর মধ্যে বেশ কিছু মামলায় তিনি এখনও জামিন পাননি।