পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
লক-আপে কাটল রাত, আজ আলিপুর আদালতে পেশ ক্যানিং পশ্চিমের বিধায়ককে
মুম্বই পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের লক-আপে কাটল নিদ্রাহীন রাত।
মুম্বই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের রাতের কাটল নরেন্দ্রপুর থানার লক-আপেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর অন্য থানায় যাওয়ার বায়না করলেও তা মানা হয়নি। খাবার না খেয়ে শুধু ওষুধ খেয়েই রাত কাটিয়েছেন তিনি। ধর্ষণ ও প্রতারণার মতো গুরুতর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে খবর, ক্যানিং পশ্চিমের এই বিধায়কের বিরুদ্ধে মারধর, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির অভিযোগও রয়েছে। সিআইডি তাঁকে তলব করার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ ও এসওজি টিম রবিবার বিমানবন্দর থেকে তাঁকে ধরে।
তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিতে পারে বারুইপুর জেলা পুলিশ।