ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
ভগবান রামকে নিয়ে মন্তব্য, কীর্তি আজাদের বিরুদ্ধে সরব বিজেপি
ভগবান রামকে নিয়ে তৃণমূল সাংসদ কীর্তি আজাদের মন্তব্য ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে ভগবান রামকে নিয়ে করা তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদের মন্তব্য ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সংবাদসংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ প্রশ্ন তোলেন, ৩৩ কোটি দেবতার দেশে রামই কি একমাত্র ঈশ্বর? একইসঙ্গে তিনি অযোধ্যায় যাবেন না বলেও ঘোষণা করেন। কারণ হিসেবে তিনি জানান, অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও সীতাকে ত্যাগ করেছিলেন রাম। পাশাপাশি মিথিলার মেয়ে সীতাকে নিয়ে তাঁর এই ত্যাগের প্রসঙ্গ টেনে রামের মর্যাদা পুরুষোত্তম হওয়া নিয়ে প্রশ্ন তোলেন কীর্তি। তিনি আরও জানান, তাঁর পরিবার কালী ও দুর্গার উপাসক এবং তিনি কামাখ্যায় যান। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী সমাজমাধ্যমে দাবি করেছেন, তৃণমূল সাংসদ প্রভু শ্রী রাম এবং সনাতন ধর্মকে অপমান করেছেন। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্যেই বিরোধীরা এই ধরনের মন্তব্য করছেন বলে অভিযোগ তাঁর। উত্তরপ্রদেশের মানুষ এর উপযুক্ত জবাব দেবেন বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।