RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

আমেরিকার উপর পালটা শুল্ক চাপাক ভারত, দাবি ব্যবসায়ীদের

মার্কিন শুল্কনীতির পালটা হিসেবে আমেরিকার উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে বণিক মহল।

ভারতের পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের উপর পালটা একই পরিমাণে শুল্ক বসানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আর্জি জানাল বণিক মহল। চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির তরফে আগামী বুধবার এ বিষয়ে একটি চিঠি পাঠানো হবে বলে জানানো হয়েছে। মার্কিন প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে দেশের ব্যবসা এবং কর্মসংস্থানে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর ভারতসহ ১৬টি দেশের উপর এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। অভ্যন্তরীণ শিল্পে ভর্তুকি দেওয়ার অভিযোগ তুলে এই পদক্ষেপ করেছে ওয়াশিংটন। তবে আমেরিকার এই যুক্তি মানতে নারাজ নয়াদিল্লি। ভারত জানিয়েছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মার্কিন শুল্কনীতির ফলে ভারতীয় পণ্য সে দেশের বাজারে ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এর জেরে প্রায় ৪৮ বিলিয়ন ডলারের বাজার ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল। ওষুধ, ইলেকট্রনিক্স ও বিভিন্ন পণ্যের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। মার্কিন আইনের একটি বিশেষ অনুচ্ছেদের আওতায় এই তদন্ত চালানো হয়েছিল। বুধবার সেই তদন্তের ফল প্রকাশের পরই নতুন শুল্ক প্রস্তাবের কথা জানায় আমেরিকা।