জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
শিমলার ধামি গ্রামে পালিত হল ঐতিহ্যবাহী পাথর ছোড়ার উৎসব
হিমাচলপ্রদেশের শিমলায় দীপাবলির পরের দিন প্রায় চারশো বছরের পুরনো পাথর ছোড়ার প্রথা পালিত হল।
হিমাচলপ্রদেশের শিমলার ধামি গ্রামে দীপাবলির পরের দিন অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পাথর ছুড়ে পুজো করার নিয়ম। স্থানীয় মানুষের কাছে এই প্রথা 'পাত্থর কা খেল' হিসেবে পরিচিত। প্রায় চারশো বছর ধরে এই বিশেষ রীতি পালিত হয়ে আসছে। গ্রামবাসীরা দুটি দলে ভাগ হয়ে একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করেন। নিয়ম অনুযায়ী, যতক্ষণ না কোনও পক্ষের একজনের গায়ে পাথর লেগে রক্তপাত হয়, ততক্ষণ এই পর্ব চলতে থাকে। কাউকে আঘাত করার পর তাঁর শরীর থেকে রক্ত নিয়ে দেবী ভদ্রকালীকে নিবেদন করা হয়। বহু শতাব্দী আগে নরবলির বিকল্প হিসেবে এই প্রথার প্রচলন হয়েছিল বলে স্থানীয় প্রবীণরা মনে করেন। রোগব্যাধি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে দেবীকে সন্তুষ্ট করার জন্য এই আচার পালন করা হয়। এবছর খেলা শুরু হওয়ার আঠারো মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। জামোগ দলের মহেশ ভার্মা নামের এক ব্যক্তি প্রথমে পাথরের আঘাতে জখম হন। হালোগ এবং জামোগ দলের লোকজন এই খেলায় অংশ নেন। স্থানীয় নরসিংহ মন্দিরের পুরোহিত কালী মন্দিরে পৌঁছনোর পর এই অনুষ্ঠান শুরু হয়। প্রতি বছরের মতো এবারও এই অদ্ভুত নিয়ম দেখতে বহু মানুষ ভিড় জ জমিয়েছিলেন।