RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভাইফোঁটায় থিমের মিষ্টির ভিড়, তবু সাবেকি সানাই

নানা পদের ফিউশন মিষ্টির পসরা সাজলেও ভাইফোঁটায় বাঙালির প্রথম পছন্দ সেই সাবেকি সন্দেশ ও খাজা।

ভাইফোঁটার দিন যতই আধুনিক ফিউশন মিষ্টি আসুক, সাবেকি মিষ্টির চাহিদাই সবথেকে বেশি। ট্র্যাডিশনাল সন্দেশ থেকে লবঙ্গ লতিকা, খাজা, গজার চাহিদাই এবার তুঙ্গে রয়েছে। শহর থেকে জেলা, মিষ্টির দোকানগুলিতে সোমবার বিকেল থেকেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।

সময়ের সঙ্গে মিষ্টির দুনিয়ায় এসেছে নানা পরিবর্তন। ডার্ক চকোলেট ফ্যান্টাসি, বিস্কঅফ ডেজার্ট, চিজ বেকড রসগোল্লা, লিচুভাপা সন্দেশ কিংবা সুগার ফ্রি মিষ্টির অভাব নেই। মিষ্টি ব্যবসায়ীরা হরেক রকমের নতুন পদ সাজালেও দিদি ও বোনেদের প্রথম পছন্দ সেই পুরনো ভাইফোঁটা লেখা সন্দেশ বা খাজা।

বলরাম মল্লিক রাধারমণ মল্লিকের কর্ণধার সুদীপ মল্লিক জানিয়েছেন, হরেক ফিউশন মিষ্টির পাশাপাশি ভাইফোঁটা লেখা সন্দেশ, খাজা ও গজার চাহিদা সবচেয়ে বেশি। একই কথা জানিয়েছেন হাওড়ার ব্যাতাই মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পাল ও কে সি দাশের প্রোডাকশন হেড সোমনাথ দত্ত। দাম কিছুটা বাড়লেও ভাইয়ের মঙ্গল কামনায় মিষ্টি কেনায় কোনও কমতি রাখছেন না দিদিরা।