RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

সলমনের নতুন ছবি মাতৃভূমির ট্রেলার প্রকাশ্যে, ডিসেম্বরে মুক্তি

চিন সেনার আপত্তি ও নানা আইনি জট কাটিয়ে আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে সলমন খানের নতুন ছবি মাতৃভূমি।

গালওয়ানের প্রেক্ষাপটে তৈরি সলমন খানের নতুন সিনেমা মাতৃভূমির দীর্ঘ প্রতীক্ষিত ট্রেলারটি মঙ্গলবার সামনে আনা হয়েছে। আগামী চার ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। এর আগে নানা আইনি জটিলতা এবং বেজিংয়ের আপত্তির কারণে ছবিটির নাম বদল করতে হয়েছিল এবং সেন্সর ছাড়পত্র পেতেও বেশ বেগ পেতে হয়েছিল নির্মাতাদের। ট্রেলারে চিন সেনার বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের লড়াইয়ের পাশাপাশি সলমনের অ্যাকশন এবং রোম্যান্টিক রূপ একসঙ্গে দেখতে পেয়েছেন দর্শকরা। এই সিনেমায় সলমনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। গত বছর ছবিটির টিজার প্রকাশ্যে আসার পরেই আপত্তি জানিয়েছিল চিন। এরপর ছবিটির একটি বড় অংশের দৃশ্য নতুন করে শুট করতে বাধ্য হন নির্মাতারা। ট্রেলারে ভাইজানের কড়া সংলাপ এবং অ্যাকশন দৃশ্য দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এখন দেখার বিষয় হল বক্স অফিসে কতটা সাফল্য পায় এই সিনেমা।