খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
আইপিএল থেকে নাম প্রত্যাহার ট্র্যাভিস হেডের, ধাক্কা খেল সানরাইজার্স
দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দিয়ে আসন্ন আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড।
দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার দিয়ে আগামী আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে চলেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ট্র্যাভিস হেড। ১৪ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছিল সানরাইজার্স হায়দরাবাদ। হেড না খেললে সেটা কাব্য মারানের দলের কাছে বড় ধাক্কা হতে পারে বলে মনে করা হচ্ছে।
একটি ক্রিকেট ওয়েবসাইট সূত্রে খবর, সানরাইজার্স ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন হেড। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, ২০২৭ সালে বহু আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। সে বছর রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। সেই কারণে আন্তর্জাতিক ক্রিকেটকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা।
আগামী বছর টেস্ট ম্যাচ সহ মোট ২০টি ম্যাচ খেলার কথা অস্ট্রেলিয়ার। মে মাসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকতে পারে। এরপর জুন থেকে আগস্ট মাস পর্যন্ত রয়েছে অ্যাসেজ সিরিজ। আর অক্টোবর ও নভেম্বর মাসে হবে ওয়ানডে বিশ্বকাপ। অতীতেও আন্তর্জাতিক ম্যাচকে প্রাধান্য দিতে আইপিএল থেকে সরে দাঁড়ানোর নজির রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।
এদিকে কেকেআরের ক্যামেরন গ্রিনকে নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল নাইট রাইডার্স। কিন্তু চোট ও ফর্মের সমস্য়ার কারণে তাঁকে ধরে রাখা বা ট্রেড করা নিয়ে সমস্যায় পড়তে পারে ফ্র্যাঞ্চাইজিটি।