পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
ধর্ষণের অভিযোগে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে। ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার স্পেশ্যাল অপারেশনাল গ্রুপ এবং বিধাননগর কমিশনারেটের সহযোগিতায় তাঁকে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ওই বিধায়ক। গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগে মামলা দায়ের হয়েছিল। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। পুলিশ দীর্ঘ দিন ধরে তাঁর খোঁজ চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই গ্রেফতারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন, পালাচ্ছিলেন মানেই ডাল মে কুছ কালা হ্যায়। অভিযোগ সত্যি না হলে তাঁর আইনি মোকাবিলা করা উচিত ছিল বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি বিধায়কের বিরুদ্ধে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী। গ্রেফতার হওয়ার পর তৃণমূল বিধায়ক দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে তাঁর জানা ছিল না এবং পুলিশ তাঁকে হঠাৎ করে ধরে নিয়ে যাচ্ছে।