RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কাজ হারানোর হতাশায় বচসা, জয়নগরে দাদাদের মারধরে খুন ভাই

কাজ হারানোর হতাশায় কটূক্তির জেরে জয়নগরে খুন হলেন এক ট্রাক চালক। খুড়তুতো ভাইদের বিরুদ্ধে লোহার রড ও শাবল দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে।

জয়নগর থানা এলাকার দুর্গাপুরের মুচিপাড়া এলাকায় সোমবার ৩৬ বছর বয়সি এক ট্রাক চালককে খুনের অভিযোগ উঠল তাঁর খুড়তুতো দাদাদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম আবদুল রাজ্জাক শেখ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, আগে আবদুল রাজ্জাকের একটি জামা তৈরির কারখানা ছিল। সেটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি হতাশায় ভুগছিলেন। রবিবার রাতে মদ্যপ অবস্থায় তিনি তাঁর খুড়তুতো দাদাদের উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও রাতে সেই ঝামেলা মিটে গিয়েছিল।

মৃতের পরিবারের দাবি, সোমবার সকাল ৭টা নাগাদ ১০ থেকে ১২ জনের একটি দল রাজ্জাকের বাড়িতে চড়াও হয়। লোহার রড, শাবল এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

মৃতের স্ত্রীর অভিযোগ, এই ঘটনায় ভোলা, ভুটন এবং রাজু নামে তিনজন যুক্ত রয়েছেন। এর আগে একাধিকবার রাজ্জাকের সঙ্গে তাঁর খুড়তুতো ভাইদের বচসা এবং মারপিট হয়েছে বলে পরিবারের দাবি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।