কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
বারাসত ও হাওড়ায় জোড়া অগ্নিকাণ্ড, পুড়ল একাধিক ঝুপড়ি
শুক্রবার হাওড়ার বালিহল্ট ও বারাসতের হাটখোলা বস্তিতে জোড়া অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি।
শুক্রবার রাজ্যের দুই প্রান্তে জোড়া অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক ঝুপড়ি। সকালে হাওড়ার বালিহল্ট এবং দুপুরে বারাসতের হাটখোলা বস্তিতে আগুন লাগে। শুক্রবার দুপুরে বারাসতের হাটখোলা বস্তিতে রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। ঘিঞ্জি এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত বিপজ্জনকভাবে এবং ঘিঞ্জি পরিবেশে মানুষ সেখানে বসবাস করেন।
অন্যিদিকে, শুক্রবার সকালেই হাওড়ার বালিহল্ট বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। সেখানেও ৪ থেকে ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় দোকানগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে দমকলকর্মীদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে। বালিহল্টের ঘটনায় আগুন লাগার নির্দিষ্ট কারণ এখনও স্পষ্ট নয়।