RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

নম্বরপ্লেটহীন বাইকে ছিনতাই, পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল দুই দুষ্কৃতী

নম্বরপ্লেটহীন বাইকে করে শহরে ছিনতাই চালাত দুই যুবক, পুলিশের নাকা চেকিংয়ে গার্ডরেলে ধাক্কা খেয়ে ধরা পড়ল তারা।

গত চার মাসে কলকাতায় অন্তত ৫০টি ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সামির ও শেখ আজহার। তাদের বাড়ি হাওড়ার বাঁকড়া এলাকায়। বুধবার গভীর রাতে এক্সাইড মোড়ে নাকা চেকিংয়ের সময় তাদের ধরা হয়।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা একটি নম্বরপ্লেটহীন বাইকে চড়ে গভীর রাতে শেক্সপিয়র সরণি, পার্ক স্ট্রিট, ভবানীপুর ও ময়দান এলাকায় ঘুরে বেড়াত। পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন ও সোনার চেন ছিনতাই করাই ছিল তাদের মূল লক্ষ্য। এক একটি রাতে তারা পাঁচটি পর্যন্ত মোবাইল ছিনতাই করেছে বলে অভিযোগ। এমনকি পুজোর সময়ও তারা সক্রিয় ছিল।

তদন্তে নেমে পুলিশ বহু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। ফুটেজে অভিযুক্তদের বিশেষ রঙের জামা ও একটি ভাঙা হেলমেট নজরে আসে। বুধবার রাত দেড়টা নাগাদ সেভেন পয়েন্টের দিক থেকে এক্সাইডের দিকে আসার সময় পুলিশ তাদের বাইকটি দেখে সন্দেহ করে। পুলিশকর্মীরা বাইকটি আটকানোর চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেলে ধাক্কা দেয়।

বাইক থেকে পড়ে যাওয়ার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও পুলিশ তাদের ধরে ফেলে। তাদের কাছ থেকে সেই বাইক ও সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া জামাগুলি উদ্ধার করা হয়েছে। নম্বরপ্লেট খুলে রাখলে পুলিশ তাদের শনাক্ত করতে পারবে না, এই ভেবেই তারা এমন কৌশল নিয়েছিল। ছিনতাই হওয়া মোবাইলগুলি কোথায় পাচার করা হতো এবং কারা সেগুলি কিনত, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।