কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার
ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে মৃত তরুণ-তরুণী, গড়িয়ার ঘটনায় গ্রেফতার দুই
কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে মৃত্যু হল এক তরুণ ও তরুণীর। অন্যদিকে, গড়িয়ার ঘটনায় গ্রেফতার প্রেমিকা ও তাঁর মা।
কালীপুজোর রাতে ই এম বাইপাসে বাইক রেষারেষির জেরে মৃত্যু হল এক তরুণ ও তরুণীর। মানি স্কোয়ারের উল্টোদিকে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, উল্টোডাঙা থেকে চিংড়িঘাটার দিকে চারটি বাইক যাচ্ছিল। রেষারেষি করার সময় একটি বাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর ফলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় চালক তরুণ এবং তাঁর সঙ্গে থাকা তরুণীর। দুর্ঘটনার পরই বাকি বাইকগুলি সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
অন্য একটি ঘটনায়, গড়িয়ার প্রেমিকের খুনের অভিযোগে প্রেমিকা ও তাঁর মাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাজি কিনে বাড়ি ফেরার পর দু'জনের মধ্যে অশান্তি শুরু হয়। সেই বচসার মাঝেই প্রেমিকের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ দু'জনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।