পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
কোলাঘাটে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি ধাক্কায় মৃত দুই
রবিবার সকালে মেচেদায় দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক সাইকেলচালক সহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।
রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। আহত হয়েছেন আরও চারজন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে সাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন নিরুপমা দেবী নামে এক মহিলা। সেই সময় একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি ধাবায় ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। গাড়িটি হাওড়ার লিলুয়া থেকে দিঘার দিকে যাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং গাড়ি থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। ঘাতক গাড়িটি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।