RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

মহড়ার সময় ট্যাঙ্কের নিচে চাপা পড়ে মৃত দুই সেনা

হরিয়ানায় সেনার মহড়া চলাকালীন সাঁজোয়া ট্যাঙ্কের নিচে চাপা পড়ে মৃত্যু হল দুই জওয়ানের।

হরিয়ানার হিসারে সেনার রুটিন মহড়া চলার সময় সাঁজোয়া গাড়ির চাকায় পিষে প্রাণ হারালেন দুই জওয়ান। শনিবার দুপুরের এই ঘটনায় মৃত দুই জওয়ানের বাড়ি উত্তরপ্রদেশে। পুলিশ সূত্রে খবর, হিসারের ভোজরাজ গ্রামে ওই মহড়ার আয়োজন করা হয়েছিল। ৩২টি সাঁজোয়া গাড়ি ওই মহড়ায় অংশ নিয়েছিল। মহড়ার সময় তীব্র ধুলো ওড়ার কারণে জওয়ানরা গাড়ি থেকে নিচে পড়ে যান বলে প্রাথমিক অনুমান। চালক বিষয়টি দেখতে না পাওয়ায় ওই জওয়ানদের উপর দিয়ে গাড়ি চলে যায়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে জানান। মৃতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিহত অঙ্কুশ কুমারের রবিবার ছুটি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল। এর আগেও সেনার প্রশিক্ষণ ও মহড়া চলাকালীন নানা দুর্ঘটনায় জওয়ানদের মৃত্যুর ঘটনা ঘটেছে।