ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
চকোলেট ভেবে বাজি মুখে পুরে মৃত্যু হল দু বছরের শিশুর, শোকের ছায়া
ছত্তিশগড়ের সরগুজা জেলায় চকোলেট ভেবে পপ-পপ বাজি মুখে দিয়ে কামড়ানোর ফলে মৃত্যু হয়েছে দু বছরের এক শিশুর।
চকোলেট মনে করে মাটিতে পড়ে থাকা পপ-পপ বাজি মুখে দিয়ে কামড়ানোর জেরে মৃত্যু হল এক শিশুর। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সরগুজা জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম আদিত্য। গত ৯ নভেম্বর সকালে বাড়ির বাইরে খেলার সময় এই বিপত্তি ঘটে।
স্থানীয় সূত্রে খবর, সে দিন সকালে আদিত্যের বাড়ির সামনে কিছু শিশু বাজি ফোটাচ্ছিল। রঙিন কাগজে মোড়া থাকায় ওই বাজিটিকে চকোলেট বলে ভুল করে আদিত্য। সবার অগোচরে সেটি মুখে পুরে কামড় বসায় সে। সঙ্গে সঙ্গে মুখের ভিতরে বাজিটি ফেটে যায়। ঘটনার পরেই শিশুটির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।
দ্রুত তাকে স্থানীয় সীতাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রক্তপাত থামলে তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। কিন্তু পরের দিন ফের রক্তপাত শুরু হলে তাকে আবার ওই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে অম্বিকাপুরের একটি মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ নভেম্বর রাতে তার মৃত্যু হয়।
শিশুটির ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানিয়েছেন, তার গলার ভেতরে আতশবাজির রাসায়নিক পাওয়া গিয়েছে। মৃত শিশুর বাবা ইন্দ্রজিৎ মাঝি জানান, প্রতিবেশীদের থেকে তিনি এই ঘটনার কথা জানতে পেরেছেন। মাটিতে সজোরে আঘাত করলে পপ-পপ বাজি ফেটে যায়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।