বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
ইয়েমেন উপকূলে আমিরশাহীর জাহাজ ছিনতাই, মুক্ত ১৯ নাবিক
ইয়েমেন উপকূলে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল সংযুক্ত আরব আমিরশাহীর একটি জাহাজ, পরে নাবিকেরা নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।
আরব সাগর থেকে সংযুক্ত আরব আমিরশাহীর একটি পণ্যবাহী জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটল। ইয়েমেন উপকূলে সোমালি জলদস্যুরা এই হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রিটিশ মেরিটাইম সংস্থা ইউকেএমটিও এই তথ্য জানিয়েছে।
জানা গিয়েছে, ছিনতাই হওয়া জাহাজটির নাম এমভি মার্সা ভার্গো। পানামার পতাকাবাহী জাহাজটি ওমান থেকে জিবুতির দিকে যাওয়ার পথে ইয়েমেনের বালহাফ বন্দর থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আক্রমণের মুখে পড়ে। পুন্টল্যান্ডের নিরাপত্তা আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ৬ জন সশস্ত্র জলদস্যু মৎস্যজীবীর ছদ্মবেশে এবং সোমালি শরণার্থীদের সঙ্গে মিশে এই কাণ্ড ঘটায়।
হামলার সময় জাহাজে থাকা ১৯ জন নাবিক নিজেদের একটি নিরাপদ কক্ষে আটকে রাখেন। জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার জলসীমার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে পরবর্তীতে ইউকেএমটিও জানিয়েছে যে জলদস্যুরা জাহাজ ছেড়ে চলে গিয়েছে এবং সমস্ত নাবিক নিরাপদে রয়েছেন। যদিও কোনও আর্থিক সমঝোতার মাধ্যমে এই মুক্তি মিলেছে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
হর্ন অফ আফ্রিকা অঞ্চলে সাম্প্রতিক সময়ে জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত এই অঞ্চলে অন্তত ১৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০১৩ সালের পর সবচেয়ে বেশি।